কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ পুতিনের পাঠানো একটি চিঠি প্রকাশ করেছে। সেই চিঠিতে  ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার দৃঢ় সমর্থনের জন্য কিমকে ধন্যবাদ জানান পুতিন।

পুতিন বলেছেন, মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে স্বার্থ এক হচ্ছে কারণ তারা পশ্চিমা গোষ্ঠীর নীতির জবাব দিচ্ছে। পশ্চিমাদের এসব নীতি বহু মেরুকরণ এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় বাধা দেয় বলে উল্লেখ করেছেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বর্তমানে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। সেখানে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংঝংও। কোরিয়া যুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেডে অংশ নিয়েছেন তারা।

কোরিয়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ছবিতে তাদের দুজনকে কিম জং উনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

২৭ জুলাই বিজয় দিবস হিসেবে পালন করে উত্তর কোরিয়া। এবার ছিল তার ৭০তম বার্ষিকী। কিম ইল সুং স্কোয়ারে এই প্যারেড হয়। একটা বারান্দা থেকে তা দেখেন কিম জন উন, সের্গেই শোইগু, লি হংঝং ও অন্যরা।