হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের ঢাকা উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে খাবার, ফল ও জুস পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে হাসপাতালে এসব খাবার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিনএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তুলে দেন এপিএস-২।
লিকু আরও বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আমানউল্লাহ আমানর প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে বেলা পৌনে ১২টায় আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।