বিএনপি-জামাতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা এটি নিশ্চয় দেশের জন্য ইতিবাচক নয়। এই সময়ে তাদের কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তার সবকিছুই ব্যহত হবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা করোনার কারণে অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি। সেই সময়ে এই ধরণের অরাজকতা সৃষ্টি করা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আমি আশা করি যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে সব প্রশ্নের মিমাংশা করা সম্ভব। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে যে কোনো রাজনৈতিক দল যেন কোনো ধরণের অসাধু পায়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাব।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ আরও অনেকে।