পবিত্র রমজান মাসের শেষ জুমা বা ‘জুমাতুল বিদা’ পালিত হয়েছে আজ। সিয়াম সাধনার মাস বিদায়ের অন্তিমলগ্নে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। শুক্রবার জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রাজধানীতে এদিন জুমার নামাজের সময় বাগড়া দেয় বৃষ্টি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই মুসল্লিরা আগেভাগেই মসজিদে উপস্থিত হন। রমজানের শেষ জুমায় মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত পাওয়ার আকুলতায় কান্নায় ভেঙে পড়েন অনেক ইবাদতকারী।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে খতিব আল্লামা মুফতি আবদুল মালেক বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে দেশের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
মোনাজাতে আসন্ন ঈদুল ফিতর যেন সবার জীবনে অনাবিল সুখ ও প্রশান্তি বয়ে আনে, সেই প্রার্থনাও করা হয়। নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে নফল ইবাদত ও তসবিহ পাঠে মগ্ন থাকতে দেখা গেছে। রাজধানী ছাড়াও জেলা ও উপজেলা শহরগুলোর প্রধান মসজিদগুলোতে জুমাতুল বিদা উপলক্ষে ছিল বিশেষ নিরাপত্তা ও মুসল্লিদের উপচে পড়া ভিড়।