জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল) সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক এবং তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন। তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে।
এছাড়া, মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও একই শর্তে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবেন।