কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন এসি বাসে আগুন

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পরিত্যক্ত তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটা এই দুর্ঘটনায় বাসগুলো সম্পূর্ণ ভস্মীভূত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে ‘রয়েল কোচ’ পরিবহনের তিনটি বিকল এসি বাস পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, রোববার দুপুরে হঠাৎ বাসগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসগুলোর সিটসহ অভ্যন্তরীণ সব সরঞ্জাম পুড়ে শুধু লোহার কঙ্কাল অবশিষ্ট থাকে।

স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। স্থানীয়রা জানান, পরিত্যক্ত এই বাসগুলোতে নিয়মিত মাদকের আসর বসত, যেখানে বিভিন্ন পরিবহনের চালক ও হেলপাররা অংশ নিতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণ আগেই পাঁচজন ব্যক্তিকে একটি বাস থেকে মাদক সেবন করে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার থেকে বিস্ফোরণ ঘটে এই আগুনের সূত্রপাত হয়েছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন— আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে। মাদক সেবনের বিষয়টিসহ সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে আমরা তদন্ত করছি।