ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে ইরান যুদ্ধে উস্কানি দিচ্ছে জার্মানি

যুদ্ধ-কবলিত অঞ্চলে অস্ত্র-রপ্তানি জার্মান সংবিধান অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বার্লিন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রথম কয়েক সপ্তায় ইসরায়েলের কাছে ৭৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির পদক্ষেপ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার জার্মান সংসদের সরকার বিরোধী বামপন্থী দল বলেছে, চ্যান্সেলর ফ্রেডরিশ মার্তসের সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির মাধ্যমে ইরানে যুদ্ধ উস্কে দিচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে জার্মান সাংসদ উলরিখ টুডেন শিগগিরই ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়ে বলেছেন, সামরিক শিল্প-স্থাপনাগুলোর মুনাফাকামী স্বার্থ কখনও শান্তির সেবা করছে না, মধ্যপ্রাচ্যেও নয় ও বিশ্বের অন্যত্রও নয় বরং এইসব শিল্প-কারখানা বিভিন্ন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে যা কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের প্রাণ এবং বিশ্বের সব জাতির অর্থনৈতিক কল্যাণকে মূল্য দিতে হতে পারে এ জন্য।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জার্মান সরকারের দেয়া তথ্য তুলে ধরে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম চার সপ্তাহে জার্মান সরকার ইসরায়েলের কাছে ৭৮ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে এবং গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ এই অনুমোদন দেয়া হয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি।

ইসরায়েলে জার্মান অস্ত্র বিক্রি রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হতে থাকে কয়েক বছর আগে যখন ইসরায়েল গাজায় গণহত্যা শুরু ও জোরদার করে। আর এইসব প্রতিবাদের প্রেক্ষাপটে জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল। কিন্তু গত অক্টোবর মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ-বিরতির  সমঝোতা হওয়ার পর থেকে ইসরায়েলে আবারও জার্মান অস্ত্র রপ্তানি অব্যাহত রাখা হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল