সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার পর থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন চিকিৎসকরা।
‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’–এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ জাদুঘরের সামনের সড়ক। পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ডাক্তার তানভীর আহমেদ বলেন, ‘গতকাল আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের লিখিত আশ্বাসে সড়ক ছাড়ি। তবে বাড়ি ফিরেই আমরা জানতে পারি যে আমাদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য নিশ্চয়ই সড়কে নামিনি।’ তিনি বলেন, ‘তারা কীসের ভিত্তিতে আমাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ালো! আন্দোলনে নেমেছি আমরা, আমাদের সঙ্গে বা আমাদের প্রতিনিধির সঙ্গে কোনো বৈঠক না করে তারা একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে ভাতা বাড়িছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সঙ্গে আলোচনা না করে এভাবে মাত্র পাঁচ হাজার টাকা বাড়ানো আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের একটাই দাবি–আমাদের ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।’
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।
শনিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীতকরণ এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে কর্মবিরতিতে নামেন তারা।