দুইদিন পদযাত্রা ও শোভাযাত্রার দখলে থাকবে রাজধানী

আগামী দুই দিন পদযাত্রা ও শোভাযাত্রার কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘এক দফা’ দাবিতে সরকার পতনের আন্দোলনে নিয়ে এ দুই দিন পদযাত্রা করবে বিএনপি। অন্যদিকে, ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গল ও বুধবার সারা দেশে এ কর্মসূচি পালন করতে যাচ্ছে দেশের বৃহত্তম দুই দল। সোমবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে দুই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ফলে এই দুইদিন রাজধানীতে যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসবেন যানজট এড়াতে তাদের বের হতে হবে পর্যাপ্ত সময় হাতে নিয়ে।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। সামবেশে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের পর র‍্যালি শুরু হবে। র‍্যালিটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের রাস্তা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে, গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন প্রাথমিক কর্মসূচি হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পরের দিনও ঢাকায় হবে একই কর্মসূচি।

মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং বুধবার উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিএনপির পদযাত্রা হবে।