আড়িয়াল খাঁ নদ থেকে পাওয়া দুর্লভ প্রজাতির একটি কুমিরের ঠাঁই হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। সোমবার (১৭ জুলাই) সকালে কুমিরটি এক জেলের জালে ধরা পড়ে। বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
মুলাদী উপজেলার বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট, ওজন প্রায় ৩৫ কেজি। সোমবার রাতেই কুমিরটি নিয়ে জীব ও বৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য মুলাদী থেকে মঙ্গলবার ভোরে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পৌঁছেছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক লোকমান আলী কালের কণ্ঠকে বলেন, এটি উপকূলীয় আধা লবণাক্ত পানির বিলুপ্তপ্রায় প্রজাতির কুমির। সুন্দরবন ও আশপাশের এলাকায় এদের বাস। খাদ্যসংকটের কারণে বা নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় নদে চলে আসতে পারে এটি।