বিলে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। এই চার শিশুর সবাই মজিবর রহমান ও শাহারুল ইসলাম- এই দুই ভাইয়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল। এমন হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে।