পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে বলেছে, “আমরা মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই মনযোগ দেওয়া হচ্ছে।”
সূত্রের বরাতে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যে তেহরান সফরে গিয়েছিলেন, সেটিও ছিলো সেই প্রস্তুতিরই অংশ।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।
ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই। তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান।
সূত্র: পিটিআই, আনাদোলু