আন্তর্জাতিক হকিতে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা

জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমসের বাছাইপর্বে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশের নারী হকি দল। শুক্রবার জিবিকে হকি ফিল্ডে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দেখিয়েছে বাংলাদেশ। শুরুতেই রিমন শারিকার গোলে এগিয়ে যায় দলটি। তবে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু দ্রুত সমতা ফেরান।

দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আক্তার কণা ফিল্ড গোল করে বাংলাদেশকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া।

শেষ কোয়ার্টারে লড়াই চালিয়ে যায় উজবেকিস্তান এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-২ করে খায়াদারোভা জুলখুমর। তবে শেষ পর্যন্ত আর গোল হজম না করায় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্র নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উজবেকিস্তান। আগামী রোববার হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আট দলের এই প্রতিযোগিতা থেকে সেরা চারটি দল সেপ্টেম্বরে-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবে।