বর্ষসেরা মনোনয়ন পেল লিটনের পিন্ডি টেস্টের সেঞ্চুরি

ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি।

গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ২২৮ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন লিটন। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে তার ইনিংসটি বড় অবদান রাখে। তার এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে।

২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের।

পোপের ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংস, জয়সাওয়ালের ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।