সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯৪

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে। এ ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের দলীয় ৯ রানে প্রথম উইকেট তুলে নেন সুলতানা খাতুন। এরপর ১৩ রানে থাকা আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবি করেন নাহিদা আকতার। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন অধিনায়ক অ্যামি হান্টার। তিনি ৮৮ বলে ৮টি চারে ৬৮ করে স্বর্ণা আকতারের বলে আউট হন।

এছাড়া অরলা প্রেনডারগাস্ট ৩৭ ও লরা ডেলানি ৩৩ রান করেন। তবে বাংলাদেশি বোলারদের দাপটে শেষ দিকের ব্যাটাররা ভালো খেলতে না পারায় স্কোর বড় করা হয়নি আয়ারল্যান্ডের।

বাংলাদেশি বোলারদের মধ্যে সুলতানা সর্বোচ্চ ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন নাহিদা ও স্বর্ণা।