পবিত্রতা ঈমানের অঙ্গ। মুমিনের প্রতিটি ইবাদতের সঙ্গে পবিত্রতার সম্পর্ক রয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও পবিত্রতার গুরুত্ব রয়েছে। এ জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে পবিত্রতা অর্জনকারীদের সুনাম করেছেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। (সুরা তাওবা, আয়াত : ১০৮)এ জন্য পবিত্রতাকে কোনো কোনো ইবাদতে ফরজ করে দেওয়া হয়েছে, আবার কখনো কখনো সুন্নতও করা হয়েছে। যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্রতা অর্জন করা সুন্নত।
কেননা রাসুল (সা.) তাঁর উম্মতদের রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্রতা অর্জনের তাগিদ দিয়েছেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, বারাআ ইবনে আজিব (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, ‘যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের অজুর মতো অজু করে নেবে।’ (বুখারি, হাদিস : ২৪৭)
নবীজি (সা.)-এর নির্দেশনা মোতাবেক কেউ যদি রাতে ঘুমানোর আগে উত্তমরূপে অজু করে বিছানায় যায়, তাহলে তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় (ঘুমায়) এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন।