সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হওয়ার পর সাময়িক বিরতি নেওয়া হয়েছিল। এরপর নির্মাতা মেহেদী হাসান হৃদয় অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। সেই কাজ শেষ করে সম্প্রতি আবার শুরু হয়েছে বিদায় সিনেমার শুটিং। আর শুটিংয়ে ফিরেই আলোচনায় দীঘি।
শুটিং সেট থেকে ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ফারুক আহমেদ। সিনেমাটিতে দীঘির উপস্থিতিও নজর কাড়ে। নতুন লুক ও চরিত্র নিয়ে তিনি দর্শকদের সামনে কেমনভাবে হাজির হবেন, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দীঘি এখন নিয়মিত নায়িকা চরিত্রে কাজ করছেন। একের পর এক নতুন সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। বিদায় সিনেমাটিও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, দ্রুত শুটিং শেষ করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিদায়। ফলে ঈদের সিনেমার তালিকায় দীঘির নতুন উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।