অধিনায়কদের জন্য বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’

বাংলাদেশ ক্রিকেটকে যারা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তাদেরকে আজীবন সম্মাননা ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত পুরুষ ও নারী অধিনায়কেরা পেয়েছেন এই কার্ড।

 

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের একান্ত ইচ্ছায় বিসিবি ‘ক্যাপ্টেন্স কার্ডের’ ব্যবস্থা করেছে। এই কার্ডে অধিনায়করা আজীবন ম্যাচ পাস, হেলথ ইন্স্যুরেন্স, ২৪ ঘণ্টা বিসিবির মেডিকেল সাপোর্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট ও টুর্নামেন্ট চলাকালীন বিসিবির সুযোগ সুবিধা গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানে এই কার্ড তুলে দেওয়া হয়। ২৭ পুরুষ ও ৬ নারী অধিনায়ক পেয়েছেন কার্ড। রকিবুল হাসান, শফিকুল হক হিরা, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, রাজিন সালেহরা উপস্থিত ছিলেন।

 

বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজের থেকে সবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুলকে ফোন ও মেসেজ দিতে পারেননি ব্লক লিস্টে থাকায়। এছাড়া ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে নিজেকে বার্তা পৌঁছে দিয়েছেন।

তামিম বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই পর্যায়ে, যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন; তাদেরকে আরো আগে এই সম্মান দেওয়ার প্রয়োজন ছিল। আমি চাই না আমাদের কোনো অধিনায়ক মাঠে ঢুকে নিজের পরিচয় দেওয়ার অপেক্ষায় থাকবে। তার একটি কার্ডই তাকে তার প্রাপ্য সম্মান দিবে।”

 

রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, খালেদ মাহমুদ, আকরাম হোসেনরা তামিমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।