পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী ঢাকায় আসছেন আজ

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আজ রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। দীর্ঘ ১৯ বছর পর দুই দেশের এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে দুই দেশের জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়।

আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেইসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেবেন এমন কথা ছিল।

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিন দিনের সফরে ঢাকায় আসছেন।ঢাকা সফরের সময়ে জেইসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।