রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্র রয়েছে যেখানে যৌথ উদ্যোগ নিলে উভয় দেশই উপকৃত হবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আগের চেয়ে অনেক সহজ হয়েছে। দক্ষিণ কোরিয়া এখানে আরো বিনিয়োগ করতে পারে। সোমবার সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক তার পরিচয়পত্র পেশ করতে এলে এসব কথা বলেন তিনি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। ইপিজেডসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের অনেক দক্ষ কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবে। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দক্ষ জনশক্তি দক্ষিণ কোরিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিযয়োগ বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়া গভীরভাবে আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের সরকারি-বেসরকারি খাতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফর গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ। ডেইলি-বাংলাদেশ