ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি থেকে ৯০ জনকে গ্রেপ্তারের কথা জানাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা ছিল বেআইনি। কারণ গতকালই আমরা বলেছি, এই সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।’
তিনি জানান, আজকের কর্মসূচি থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। যারা হামলা ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ বেলা ১১টা থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়।