পিরোজপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ পুলিশ আহত, আটক ১০

পিরোজপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দশজনকে আটক করেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন সাত পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু দাবি করেছেন, পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে বিএনপি ও তাদের অঙ্গসংঠনের ১০-১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শহরের সার্কিট হাউজ সড়কে বিএনপির পদযাত্রা চলাকালীন বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুড়তে থাকে। এতে পুলিশের ৭ সদস্য আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ১০ জনকে আটক করে।

ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পদযাত্রার নামে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপরে হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়।