কলার লাল মোচা দেখিয়ে ট্রেন থামালেন কৃষক, প্রাণে বাঁচল কয়েকশ যাত্রী

লাঠির মাথায় কলার লাল মোচা টাঙিয়ে সংকেত দেখিয়ে দিনাজপুরের ফুলবাড়ীর এনামুল হক নামের এক কৃষক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা করলেন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ট্রেনের শত শত যাত্রী।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের দিনমজুর এনামুল হক সকালে কাজের উদ্দেশে রেলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলবাড়ী-বিরামপুর রেলপথের মাঝামাঝি এলাকার প্রায় এক ফুট রেললাইন ভাঙা দেখতে পান। এ সময় ট্রেন আসার আশঙ্কায় পাশের কলাবাগান থেকে কলার মোচা ভেঙে এনে মোচার লাল পাপড়ি লাঠির সঙ্গে বেঁধে সতর্ক সংকেত দিতে ট্রেন থামাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যান রেললাইনের ওপর।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে চালক লাল সংকেত দেখে ট্রেনটি থামিয়ে দেন। এতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।
ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সচেতনতার জন্যই বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই ট্রেনের যাত্রীরা।