কুমিল্লা-ঢাকা রুটে বাসভাড়া নির্ধারণ

দূরপাল্লা ও আন্ত জেলার বাসভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটারপ্রতি ১১ পয়সা বেড়েছে বাসভাড়া। সরকারের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-ঢাকা রুটে নন-এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এক জরুরি সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে এই রুটে নন-এসি বাসের ভাড়া ছিল ২৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের এখন থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি ভাড়া পরিশোধ করতে হবে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে মালিক সমিতি জানায়, তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম জানান, সরকারি নির্দেশনার বাইরে আমরা এক টাকাও বেশি নেব না। তেলের দাম বৃদ্ধির কারণে সরকারি যে নির্দেশনা অনুযায়ী কুমিল্লা থেকে ঢাকা সড়কে আমরা প্রতি যাত্রী থেকে ১০ টাকা ভাড়া বাড়িয়েছি।