চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে।
আহতরা হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম।
এদের মধ্যে ফাহিমের বয়স ১২ বছর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশে স্থানীয় মোরশেদ খানের একদল অনুসারী প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তারা ছররা গুলিও ছোড়ে।
গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হন। তারা পথচারী বলে জানা গেছে।
বাকলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর জানান, মিয়া খান নগরে হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। জড়িত অপর সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।