জামালপুরে পায়ে ব্যান্ডেজে মোড়ানো ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মোছা. সালেহা বেগম (৫৫) শহরের মুসলিমাবাদ এলাকার মৃত. আব্দুস সামাদের মেয়ে।
জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দিগপাইত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে আসা মোহনা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান পরিচালনা করা হয়।
এতে বাসের যাত্রী সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। সেসময় তিনি নিজেই তার ডান পায়ের ব্যান্ডেজ খুলে দুইটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুইটিতে ৩৪০০ পিস ইয়াবা ছিল।
তিনি আরও জানান, আটক সালেহা বেগমকে মাদক মামলায় জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর এই চালানের পেছনে কে কে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।