রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস।
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে,রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।
সৌহার্দ্য পরিবহনের বাসটি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে যাত্রী নিয়ে ফেরিতে ওঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান।
এদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “আমরা দুর্ঘটনাস্থলে যাচ্ছি। ঢাকাগামী বাসটিতে ৫০ এর অধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। হতাহতের শঙ্কা আছে। পরে বিস্তারিত বলতে পারব।”
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।