বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৫ বছর বয়সী তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সম্পর্কে তরুণীর কাজিন হন। ভারতের দিল্লি পার্কে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, অভিযুক্ত ইরফান তিন দিন আগেই নার্গিসকে হত্যার পরিকল্পনা করেন। তিনি জানতেন নার্গিস প্রতিদিন ক্লাস করতে পার্ক অতিক্রম করে যায়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইরফান দাবি করেছেন তিনি তার বাড়ি থেকে একটি লোহার রড আনেন। এ ছাড়া ইরফান দাবি করে, সোমবারও তিনি নার্গিসকে বোঝানোর চেষ্টা করেছেন তবে ওইদিন তার সঙ্গে দেখা হয়নি। পুলিশ ইরফানের এ দাবি খতিয়ে দেখছে।
চলতি বছরের শুরুর দিক নার্গিস কামালা নেহেরু কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরফান নার্গিসকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তা প্রত্যাখ্যান করেন নার্গিস।
এরপর নার্গিস ইরফানের ফোনকল ধরাও বন্ধ করেন। তবে এরপরও নার্গিসের পিছু নেন ইরফান। শেষমেশ গতকাল শুক্রবার সকালে পার্কে নার্গিসকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে।
দিল্লি পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, পার্কে ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ পাওয়া গেছে-এমন খবর আমরা পাই। ওই লাশের পাশে একটি লোহার রডও পাওয়া যায়।
নার্গিসকে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ইরফান পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।