রাজধানীতে বিএনপির মহাসমাবেশে মিছিলের সময় হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মাহমুদুর রহমান মাহমুদ (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর খানপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
আজ শুক্রবার দুপুরে পল্টনে মিছিলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মিছিল নিয়ে নয়াপল্টনে যাওয়ার সময় সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। আজ বেলা সোয়া দুইটার দিকে মহাসমাবেশটি শুরু হয়। মহাসমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।
মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।