রাজশাহীতে যখন মধ্য রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো তেল পাচ্ছে না মোটরসাইকেলের অনেক চালক, তখন অফিসের নামে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ৩০০ লিটার তেল পেট্রোল ও অকটেন নিতে গিয়ে ধরা পড়েছে নওহাটা ফায়ার সার্ভিসের চার কর্মী।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে হাবিব ফিলিং স্টেশনে যান। তারা অফিসের চাহিদাপত্র দেখিয়ে ২০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার অকটেন নেন।
সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা নওহাটা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকারের সাথে কথা জানতে পারেন, অফিস থেকে তেল নেওয়ার কোনো চাহিদাপত্র দেওয়া হয়নি। এ তথ্য জানতে পেরে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন ফেরত নেওয়া হয়।
এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের অভিযুক্ত চার কর্মীকে সতর্ক করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ওরা নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য এভাবে চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়েছিল। তারা কাজটা ঠিক করেননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগতভাবে তেল নিতে গিয়ে তারা ঠিক করেননি। নিজেদের জন্য সরকারি চাহিদা দেখানোও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।