সময়টা কোন ক্রিকেটারের কেমন যাচ্ছে, সেটার সূচক বলা যায় আইসিসি র্যাঙ্কিংকে। বছর শেষে এই সূচকের সিংহাসনগুলো কার হাতে শেষ হলো, তা একনজরে দেখে নেওয়া যাক—২০২৫ সালটা রাজকীয়ভাবে শেষ করলেন যারা।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে বছর শেষ করলেন জো রুট। তবে ইংলিশদের জন্য আরও খুশির খবর আছে। রুটের ঠিক পরেই দুই নম্বরে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুক। সম্প্রতি তিন ধাপ এগিয়েছেন এই তরুণ। তিনে রয়েছেন কেইন উইলিয়ামসন, চারে ট্রাভিস হেড, আর পাঁচে স্টিভ স্মিথ।
ওয়ানডেতে চলছে সেই চিরচেনা ভারতীয় আধিপত্য। রোহিত শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন ঠিকই, তবে তার ঘাড়ে তপ্ত নিশ্বাস ফেলছেন বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন কোহলি। পরের তিনটি স্থানে আছেন ড্যারিল মিচেল, ইব্রাহিম জাদরান ও শুবমান গিল।
টি-টোয়েন্টির মারকাটারি মেজাজে রাজত্ব করছেন অভিষেক শর্মা। তরুণের ঝোড়ো গতির ব্যাটিংয়ের পেছনে রয়েছেন ফিল সল্ট। তিলক বর্মা, পাতুম নিশাঙ্কা এবং জস বাটলারও সেরা পাঁচে, তবে অভিষেকের সিংহাসন এখন বেশ মজবুত।
বল হাতে রাজা: বুমরা-রশিদ-বরুণ
টেস্ট বোলারদের শীর্ষে থেকে বছর শেষ করছেন ভারতের যশপ্রীত বুমরা। তার পেছনেই জোরেশোরে দৌড়াচ্ছেন মিচেল স্টার্ক। এক ধাপ এগিয়ে স্টার্ক এখন যৌথভাবে দুইয়ে, তার সঙ্গী পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। চোটের কারণে অ্যাশেজে মাত্র এক টেস্ট খেলতে পারা প্যাট কামিন্স চারে, আর কিউই পেসার ম্যাট হেনরি পাঁচে থেকে বিদায় জানিয়েছেন বছরকে।
ওয়ানডের বল হাতে মায়াজাল বুনেছেন রশিদ খান। আফগান স্পিনার চূড়ায়, দুইয়ে আছেন চোট কাটিয়ে ফেরা জফরা আর্চার। তিন ধাপ এগিয়ে তিন নম্বর জায়গা নিয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। চারে আছেন মহেশ তিকশানা, পাঁচে কেশব মহারাজ।
টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে থেকে বছর শেষ করছেন ভারতের বরুণ চক্রবর্তী। কিছুদিন ধরে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে বরুণ। জ্যাক ডাফি, রশিদ খান, আবরার আহমেদ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা যথাক্রমে দুই থেকে পাঁচে। এই সপ্তাহের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
সেই জাদেজাই এক নম্বর
টেস্টে এক নম্বর অলরাউন্ডারের জায়গা ইদানীং নিজের জন্য পাকা করে ফেলেছেন রবীন্দ্র জাদেজা। ওয়ানডেতে চমক দেখিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, আর টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে সবার ওপরে থেকে বছর শেষ করলেন পাকিস্তানের সাইম আইয়ুব।