মুশফিককে কাঁধে নিয়ে পাঠানের উদযাপন, ফাইনালে জোবার্গ

জিম আফ্রো টি-১০ লিগের ফাইনালে পৌঁছাল মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস। ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের ঝড়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় দলটি। ভালো অবদান রেখেছেন মুশফিকও। ইউসুফের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ার পথে ১০ বলে ১৪ রান করেন বাংলাদেশ তারকা। তাতেই ফাইনালে উঠে যায় মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দলটি। দলকে জিতিয়ে বিশালদেহী ইউসুফ মুশফিককে কাঁধে নিয়ে উদযাপনে মাতেন।

শুক্রবার হারারেতে টসে জিতে প্রথম কোয়ালিফায়ারে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জোবার্গ অধিনায়ক হাফিজ। যেখানে আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীদের নিয়ে গড়া ডারবান কালান্দার্স ১৪০ রানের বিশাল সংগ্রহ গড়েন।

ব্লেসিং মুজারাবানি ১৩ রান দিয়ে ১ উইকেট নেন।

যদিও জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি মুশফিকের দলের। ৫.১ ওভারে ৫৭ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বিপদেই ছিল তারা। তবে এরপর ইউসুফের আর মুশফিকের জুটিতেই ১ বল বাকি থাকতেই জয় পেয়েছে জোবার্গ।

জোবার্গের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বলে ১ রান হওয়ার পর পরের ৪ বলেই ৪ বাউন্ডারি হাঁকান ইউসুফ।

এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন মুশফিক। প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রান করা মুশফিক এরপর গুরুত্বপূর্ণ রান করেছেন প্রায় প্রতিটি ম্যাচেই। একই টুর্নামেন্টে খেলেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি তাসকিন আহমেদ। তিনিও আছেন দুর্দান্ত ছন্দে। সর্বশেষ ম্যাচেও ৩ উইকেট নিয়েছেন তাসকিন। তবে তার দল কোয়ালিফায়ারে উঠতে পারেনি।