সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ, যা বলছে ডিএমপি

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (৩০ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না।এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।