রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ ঈদের দিন দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া তাপমাত্রা নিয়েও নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।
আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে, যা দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে।