ঈদ বার্তায় যা বললেন শাকিব

দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ত্যাগের মধ্য দিয়ে ধনী-গরিবের বৈষম্য ভুলে একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। এই আনন্দের মাঝে বার্তা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় শাকিব খান লিখেছেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’
পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান।’

এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। আশা করা হচ্ছে, সিনেমা পাঁচটি ভিন্ন ভিন্ন ঘরানার দর্শকদের আকর্ষণ করবে।

একদিকে নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে ‘প্রিন্স’, অন্যদিকে হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাসের আধারে ‘বনলতা এক্সপ্রেস’। আবার জীবনযুদ্ধের করুণ আখ্যান নিয়ে ‘দম’ আর হাই-ভোল্টেজ অ্যাকশনের পসরা নিয়ে ‘রাক্ষস’। সব শেষে নাগরিক জীবনের চাপ নিয়ে ‘প্রেশার কুকার’। এই বৈচিত্র্যময়তা নিয়েই এবারের ঈদ ক্যালেন্ডার সাজানো হয়েছে।