সারা দেশে বৃষ্টির পর আবারও ফিরেছে শীতের আমেজ

গত দুদিনে সারা দেশে বৃষ্টির পর আবারও শীতের আমেজ ফিরেছে। এতে কিছুদিন আগে তুলে রাখা শীতের পোশাক আবারও বের করতে বাধ্য হয়েছেন অনেকে।

সোমবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার তাপমাত্রা খানিকটা বাড়লেও শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে আসে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীর আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম। তবে ঢাকার আকাশ সকাল থেকে মেঘে ভারি হয়ে আছে।

গত বৃহস্পতিবারই দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর শুক্রবার বৃষ্টির পরপরই তাপমাত্রা হঠাৎ কমে যায় অনেকটা। রাজধানীর তাপমাত্রা যেখানে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস; সেটা শনিবার হয়ে যায় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের ৫১ স্টেশনের মধ্যে বেশির ভাগেরই সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নরসিংদীতে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার কক্সবাজারের টেকনাফে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উপমহাদেশজুড়ে হাজার কিলোমিটারের বৃষ্টিবলয়ের ফলেই বাংলাদেশে বৃষ্টিপাত হয়। এই সময়ে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায় না। তবে বৃষ্টির এই ধারা বন্ধ হওয়ার পথে। রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ মিলিমিটার। আগের দিন সেখানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ২৬ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃষ্টির কারণে হঠাৎ তাপমাত্রা কমে একেবারে শীতের আবহাওয়া ফিরে এসেছে। রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরপর বাড়তেই থাকবে। তবে বিশেষ করে উত্তরের জেলাগুলোতে আগামী শনিবার আবার বৃষ্টি হতে পারে।