জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বাড়লো

বাংলাদেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ার হার প্রায় ৭৯ শতাংশ।

জানা গেছে, তেলের দাম বাড়াতে আজ (মঙ্গলবার) ভার্চুয়ালি জরুরি সভা করে বিইআরসি। এরপর নতুন এই দাম নির্ধারণ করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সৃষ্ট অস্থির পরিস্থিতির মধ্যে চলতি মাসে দুই দফা বাড়ানো হলো জেট ফুয়েলের দাম। এর আগে গত ৮ মার্চ প্রজ্ঞাপন জারি করে মার্চের জন্য অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। তখন আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৬২ ডলার থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ০ দশমিক ৭৩৮৪ ডলার।

জেট ফুয়েলের দাম বাড়ার প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ ফ্লাইটে। কারণ, অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর পরিচালন খরচের বড় অংশ জ্বালানি ব্যয়। পাশাপাশি আন্তর্জাতিক রুটেও জ্বালানির খরচ বাড়বে। এতে উভয় রুটে প্লেনের ভাড়া বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।