যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চলছে না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা আগেই স্পষ্ট করেছি—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা বা দরকষাকষি নেই।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কূটনীতির অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত বিপর্যয়কর। পারমাণবিক ইস্যু সমাধানের লক্ষ্যে যখন আমরা আলোচনার মধ্যে ছিলাম, তখন মাত্র নয় মাসের ব্যবধানে আমাদের ওপর দুইবার হামলা চালানো হয়েছে। এটি কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

ইরানের এই বক্তব্য এমন সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন দাবি করছে যে, যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে।