কক্সবাজার চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী অপু বিশ্বাস

সমুদ্রের গর্জন, খোলা আকাশ আর সিনেমার আবহ—এই তিনের মেলবন্ধনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের। কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব যেন এক নতুন সাংস্কৃতিক দিগন্তের ইঙ্গিতবাহী।

শনিবার (২৮ মার্চ) রাতে লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। একই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন অপু বিশ্বাস।
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা বন্ধন বিশ্বাস। সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন নিরব (‘ছায়াবৃক্ষ’) এবং ইমন (‘ময়নার চর’)।

পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন এলিনা শাম্মী (‘ছায়াবৃক্ষ’), আর পার্শ্ব অভিনেতা বিভাগে স্বীকৃতি পেয়েছেন রাশেদ মামুন অপু (‘জলরং’)। শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে সম্মাননা পেয়েছেন ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’-এর প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন।

এবারের আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশের ৫টি বাংলা চলচ্চিত্র, একটি ইংরেজি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র।

উৎসব নিয়ে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, “এই আয়োজনের লক্ষ্য ছিল ভালো গল্প, সুস্থ সংস্কৃতি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। সমুদ্রের তীরে খোলা আকাশের নিচে একসঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাই ছিল এ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ।”

প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব ২০২৬-এর সহযোগিতায় ছিল গণযোগাযোগ অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব।