এবার সিঙ্গেল স্ক্রিনে উঠছে ‘রাক্ষস’ ও ‘দম’

ঈদ উপলক্ষে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে চারটিই এত দিন ছিল শুধু মাল্টিপ্লেক্সে। সিঙ্গেল স্ক্রিনে ছিল কেবল আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’। দুই সপ্তাহ পেরিয়ে এবার আরো দুই ছবি সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে।

আজ থেকে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে চলবে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এত দিন মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া পেয়েছে সিয়াম আহমেদ-সুস্মিতা চ্যাটার্জি জুটির ছবিটি। এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের হলে চলবে এটি। ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে।

প্রথম পর্যায়ে আমরা ৩০টির মতো হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’
রেদওয়ান রনির ‘দম’ও এখনো মাল্টিপ্লেক্সে চলছে। বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনী।

সেখানেই প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শুরু থেকেই ‘দম’কে ভালোবাসায় রেখেছেন দর্শক। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটি ঘিরে আগ্রহ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রদর্শনী হয়েছে। ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে ‘দম’ দেখা যাবে। সেই সঙ্গে ২৪ এপ্রিল বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনেও একযোগে চলবে ছবিটি।

আশা করব, বরাবরের মতো দর্শকরা বাংলা ছবির পাশে থাকবে।” সত্য ঘটনা অবলম্বনের এ ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী প্রমুখ। ঈদের অন্য দুই ছবি তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এবং রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।