দুর্গাপুরে তেলের বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

‎শনিবার (০৪ এপ্রিল) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

‎​অভিযান চলাকালীন একটি দোকান থেকে অবৈধভাবে মজুতকৃত ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করে দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ০১টি মামলা দায়ের। এতে ​জরিমানা করা হয় ত্রিশ হাজার টাকা।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন: ​”অধিক মূল্যে পণ্য বিক্রি এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

‎‎​এ সময় স্থানীয় সাধারণ ক্রেতারা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানান এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার অনুরোধ করেন।