‘জয় শাহের সঙ্গে বৈঠক করতে পাপনকে অনুরোধ করেছেন একজন স্বনামধন্য ক্রিকেটার’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ‌(আইসিসি) চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বৈঠক করতে একজন স্বনামধন্য ক্রিকেটার সাবেক বিসিবি সভাপতি নাসমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ লেখেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।

‘১

তিনি লেখেন, এর আগেও বিসিবি নির্বাচনের সময় তাঁর ভিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয় সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। উল্লেখ্য, ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির আছে।

আসিফ মাহমুদ লেখেন, আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়তারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিত। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।