রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও। একই এলাকার রায়হান আউয়াল (২১)। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে তারা অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তার বাড়ি হবিগঞ্জের বনিয়াচং থানার যাত্রবাসা এলাকায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ নিয়ে বোয়ালিয়া থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।