ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ভুক্তভোগী চিকিৎসকরা।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসা পত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ওষুধ সরবারাহ না থাকায় তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ‘কী ওষুধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না’ এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তারের ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়৷ এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।