বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০ জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিক করতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ।
বাসস জানায়, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে দুই হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
গতকাল বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সে দেশের সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।