টেকনাফে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৭২ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের মুদ্রাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এবং শাহ্ পরীর দ্বীপ এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টার দিকে নয়াপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এসময় ধাওয়া করে নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুই মাদককারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির মাটির নিচে লুকানো বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অন্যদিকে, শাহ্ পরীর দ্বীপ এলাকায় নৌবাহিনীর অন্য একটি আভিযানিক দল একটি নোঙ্গর করা কাঠের বোটে তল্লাশি চালায়। বোটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল এবং ১১ হাজার মিয়ানমার কিয়াত উদ্ধার করা হয়।
জব্দ মাদক, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় ও সমুদ্র এলাকা মাদকমুক্ত রাখতে নৌবাহিনীর এই কঠোর অবস্থান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।