বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের মাধ্যমে বিধ্বস্ত হচ্ছে: পোপ

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয়কারী নেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব ‘মুষ্টিমেয় স্বৈরশাসকের মাধ্যমে বিধ্বস্ত হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আবারও আক্রমণ করার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহারকারী নেতাদেরও নিন্দা করেছেন। তিনি ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহরে অনুষ্ঠিত এক সভায় ‘নীতিমালার চূড়ান্ত পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।

পোপ বলেছেন, “না জানার ভান করে ধ্বংস করতে যুদ্ধের কর্তাদের  মাত্র এক মুহূর্ত লাগে, অথচ প্রায়শই পুনর্গঠনের জন্য একটি জীবনও যথেষ্ট নয়। তারা এই সত্যের প্রতি চোখ বন্ধ করে রাখে যে হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হয়। অথচ চিকিৎসা, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদের কোনো খোঁজই পাওয়া যায় না।”

লিওর ওপর ট্রাম্পের আক্রমণ বা সমালোচনা প্রথম শুরু হয়েছিল তার আফ্রিকার চারটি দেশ সফরের প্রাক্কালে। মঙ্গলবার গভীর রাতে এই সমালোচনার পুনরাবৃত্তি ঘটে।

বৃহস্পতিবার পোপ সেইসব নেতাদের তীব্র সমালোচনা করেছেন, যারা যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করেন।

তিনি বলেন, “ধিক্ তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম এবং স্বয়ং ঈশ্বরের নামকে বিকৃত করে, যা কিছু পবিত্র তাকে অন্ধকার ও কলুষতার দিকে টেনে নিয়ে যায়। এটি এক উল্টে যাওয়া জগৎ, ঈশ্বরের সৃষ্টির এমন এক শোষণ যা প্রত্যেক সৎ বিবেকের মাধ্যমে অবশ্যই নিন্দিত ও প্রত্যাখ্যাত হওয়া উচিত।”