রাজধানীর মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আর এ মামলায় রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।
আজ সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৬-৭ জন যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরদিন মামলাটি করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।