বিএনপি দেশে গণতন্ত্র চায় না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সব সময় পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা দেশে গণতন্ত্র চায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের যখন একটি সুন্দর নির্বাচন করার ইচ্ছা ও প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিক তখন বিএনপির নেতৃবৃন্দ তা প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন।’ আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের বলেছেন- আমরা বাংলাদেশে এমন একটি নির্বাচন করতে চাই, যা হবে ব্রিটেনের মত সুন্দর নির্বাচন। এ নির্বাচনে তিনি সব ধরণের পর্যবেক্ষককে স্বাগত জানিয়েছেন।’তিনি আরও বলেন, ‘নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা বা নির্বাচন বর্জনের ঘোষণা এটি গণতন্ত্রকে প্রতিহত করা বা গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মত। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না তারা সব সময় পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’