পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতার ওপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি ।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিকল্পিত আক্রমণের এই ঘটনায় প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।’
বিএনপির দাবি, প্রচারণায় জামায়াত কর্মীরা ‘ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট’ জাতীয় বক্তব্য ব্যবহার করলে স্থানীয় কিছু ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ জানান। পরে জামায়াত কর্মীরা তাদের ওপর মারমুখী হয় এবং অতর্কিতে বিএনপি কর্মীদের টার্গেট করে আক্রমণ করে।
দলটি আরও জানায়, দুয়েকটি গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করলেও দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত অবস্থায় দেখা গেছে।
বিবৃতিতে বিএনপি বলেছে, সহিংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। অপরদিকে অযৌক্তিক দাবি দাওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা জনগণ প্রত্যাখান করায় মরিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃণ্য পথ বেছে নিয়েছে।
আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদ দল শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। লক্ষ কোটি সমর্থকের দল বিএনপির এই সংযম ও ঔদার্যকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। শত উসকানিতেও সংযম ও ধৈর্য প্রদর্শনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচন অনিশ্চিত হলে দেশের মানুষের বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন নিঃশেষিত হয়ে যাবে।
বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় এনে আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারি পদক্ষেপের জোর দাবি জানিয়েছে বিএনপি।